স্টাফ রিপোর্টার: দেশের বিমান খাতে টেকসই অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে সই করেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রাইট অনারেবল ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার, ডিবিই উপস্থিত ছিলেন। চলতি সফরে তিনি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করছেন বলে জানানো হয়।
চুক্তির আওতায় বিমান খাতে বিনিয়োগ সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দেশের বিমান অবকাঠামো আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার সুযোগ তৈরি হবে।
ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এই সমঝোতা। এটি বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখবে। এই এমওইউ দুই দেশের পারস্পরিক বিনিয়োগ ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাত বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে গতি আসবে।