ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আনোয়ার মন্ডল নামে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আওধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার মন্ডল উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আনোয়ার মন্ডল দোকান বন্ধ করছিলেন। এ সময় একই গ্রামের ফারুক মন্ডল, সুমন মন্ডল, জামাল হোসেন, আতিক হোসেন, নিশান ও রবিউল মুন্সী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারুক মন্ডল বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। কথা বলার একপর্যায়ে তিনি ফোন কেটে দেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে লাঙ্গলবাধ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুজ্জামানের ফোন বন্ধ পাওয়া যায়।
রিপোর্টার্স২৪/এসএন