নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় ৩ মাস বয়সী এক শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েতপ্রবাসী চাঁন মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে আরিফা তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসসুমকে হত্যা করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা বলেন, “গতকাল আমার ভাই কুয়েত থেকে ফোন দিয়ে জানায়, আজ তারা বাড়িতে যাবে। কিন্তু ভোরে খবর পাই, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি তার গলার দুই পাশে দাগ রয়েছে।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন