ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার ব্যাপারীপাড়া বউবাজার এলাকায় একটি রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরির অভিযোগ উঠেছে। নিজের জায়গায় রাস্তা নির্মাণ করা হয়েছে—এমন দাবি করে পৌরসভার প্রায় ৩০ বছরের পুরোনো ওই রাস্তা খুঁড়ে ফেলেছেন নয়ন মিয়া ওরফে নয়ন বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় রড-সিমেন্ট ব্যবসায়ী।
স্থানীয়দের অভিযোগ, নয়ন মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তা ভেঙে দিয়েছেন। এতে ওই এলাকার অন্তত ৩০টি পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। পৌরসভায় লিখিত অভিযোগ করেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছর ধরে ব্যাপারীপাড়া বউবাজার মহল্লার বাসিন্দারা রাস্তাটি ব্যবহার করে আসছেন। প্রায় ২০ বছর আগে পৌরসভার উদ্যোগে ইটের হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ করা হয়।
অভিযোগ রয়েছে, গত ১৭ মার্চ ভেকু দিয়ে রাস্তাটি ভেঙে ফেলেন নয়ন মিয়া। তিনি দাবি করেন, রাস্তাটি তার নিজস্ব জমির ওপর নির্মিত। তবে এ বিষয়ে তিনি স্থানীয়দের কোনো পূর্ব নোটিশ দেননি এবং পৌরসভাকেও অবহিত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
রাস্তা ভেঙে ফেলার ফলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় হাঁটুসমান কাদা, পানি ও আবর্জনা জমে থাকায় নারী, শিশু ও বয়স্কদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে ভ্যান ও রিকশার চলাচলও বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসী ঝিনাইদহ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত ২৫ মার্চ জমা দেওয়া ওই অভিযোগপত্রে অন্তত ৩০ জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ব্যক্তিগত জমির দাবি তুলে জনসাধারণের চলাচলের পুরোনো রাস্তা ভেঙে ফেলা সম্পূর্ণ বেআইনি ও জনস্বার্থবিরোধী।
এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মো. শরিফুল ইসলাম বলেন, “হঠাৎ করে রাস্তা কেটে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছি। দ্রুত সংস্কারের জন্য পৌরসভায় গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কথা বলতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দেওয়া হচ্ছে।”
অভিযুক্ত নয়ন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত নয়ন মিয়াকে পৌরসভায় হাজির হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন