নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় নিজ কন্যা শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা বেগম (২১)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু তাবাসসুম জন্মের পর থেকেই অতিরিক্ত কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা ছাড়া আর কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই মানসিক ও শারীরিক যন্ত্রণার কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে কোনো এক সময় শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।
এর আগে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেয়।
নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার কন্যা। জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের মো. খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগমের সঙ্গে চাঁন মানিক মোল্যার বিয়ে হয়।
রিপোর্টার্স২৪/এসএন