বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় ও চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সিমরা খানের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি ভক্তদের আচরণ, শৈশব স্মৃতি ও দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরেন।
পডকাস্টে ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজেকে কী বলেন, এমন প্রশ্নে পূর্ণিমা হাসতে হাসতে বলেন, নিজের ভালো লাগা ও আত্মবিশ্বাস নিয়েই তিনি দিন শুরু করেন। নিজেকে ধরে রাখতে আলাদা কোনো কঠোর ডায়েট বা অতিরিক্ত নিয়ম মানার প্রয়োজন হয় না বলেও জানান তিনি।
আলাপচারিতায় মজার ভঙ্গিতে অভিনেত্রী বলেন, চিকিৎসকের পরামর্শ নিয়েও তিনি এমনভাবে কথা বলেছেন, যেন তিনি মানুষের কষ্ট কমানোর ‘পেইনকিলার’ হিসেবে কাজ করবেন এমন হাস্যরসেই পুরো পরিবেশ মাতিয়ে রাখেন তিনি।
সবচেয়ে আলোচনায় আসে ভক্তদের অদ্ভুত আচরণের প্রসঙ্গ। পূর্ণিমা জানান, অনেক ভক্ত তাকে দেখে বাস্তব নাকি পুতুল তা যাচাই করতে গিয়ে পারমিশন ছাড়াই চিমটি দিয়ে বসেন।
তিনি বলেন, কেউ কেউ চিমটি দিয়ে দেখে আমি সত্যি মানুষ কি না।
শৈশবের স্মৃতিচারণ করে এই অভিনেত্রী আরও জানান, বাসায় অতিথি এলে তার মা তাকে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতে বলতেন। ফলে অনেক সময় জোর করে অতিথিদের একাধিক গান শোনাতে হতো, যা নিয়ে এখন তিনি হাস্যরস করেন।
সম্পূর্ণ আলাপচারিতায় হাস্যরস, ব্যক্তিগত অনুভূতি এবং তারকাজীবনের নানা অজানা দিক উঠে আসে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম