রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪ ব্যাচ) শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে তিনি ঢাকায় ভারতের মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির পর ব্রাসেলসে দায়িত্ব আরও কৌশলগত গুরুত্ব পেয়েছে। সেই প্রেক্ষাপটেই এই কূটনৈতিক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এই বাণিজ্য চুক্তির লক্ষ্য পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ। এটি ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চুক্তি দেশটির রপ্তানি ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে বড় ধরনের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩৬.৫৪ বিলিয়ন মার্কিন ডলার।
প্রণয় ভার্মা বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্বে ছিলেন।
১৯৯৪ ব্যাচের এই ভারতীয় পররাষ্ট্র কর্মকর্তা টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন এবং পরে ভারতীয় পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম