স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনা নস্যাৎ করা হয়েছে। ধাওয়া করে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। আটকরা হলেন—মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) ও মো. রাজন মিয়া (৩০)। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুটি ছুরি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আনসার বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান জানান, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় টহল ডিউটির সময় এক ব্যক্তির চিৎকার শুনে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিকশাটি ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছিল। এ সময় আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে অটোরিকশাসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।
পরে উদ্ধার করা অটোরিকশাটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক তিনজনকে তেজগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।