স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামলার প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় মিলন চত্বরে ঢামেকে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অমর একুশে হল ছাত্রদলের সদস্য মাহাদী হাসান সানিমের অসুস্থতা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন চিকিৎসক আহত হন, যাদের মধ্যে একজন ইন্টার্ন ও অপরজন ট্রেইনি চিকিৎসক।
অভিযোগ রয়েছে, অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েবসহ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ঘটনার পরদিনই বিষয়টি তদন্তে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডা. নাদিম আহমেদ-কে। শনিবার সকালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি