রিপোর্টার্স২৪ ডেস্ক: হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের চার সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও একযোগে এই কর্মসূচি চালু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
এদিকে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে ১১ মে পর্যন্ত। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশু এই টিকার আওতায় আসবে।
এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করা হয়। এসব এলাকা দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায় অবস্থিত।
আজ সকাল ৮টায় রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, তাদের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুকে টিকা দেওয়া হবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও প্রায় চার লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামের প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/ঝুম