রিপোর্টার্স২৪ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলমান প্রাদুর্ভাবে এ হাসপাতালে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম মৃত্যু ঘটে ফুলপুরের ৯ মাস বয়সী এক শিশুর, যাকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরসহ জটিলতায় শনিবার দিনগত রাত ১টার দিকে মারা যায়।
অন্যদিকে, গৌরীপুরের ১০ মাস বয়সী আরেক শিশু একইভাবে নিউমোনিয়া ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১২ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু।
এদিকে, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, হাসপাতালের আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে সেটি চালু করা যায়নি। ফলে শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন সাপোর্ট ও বাবল সিপ্যাপ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানান, অনেক ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্তভাবে কার্যকর না হওয়ায় বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ ব্যবহার করে রোগীদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
হাম আক্রান্ত শিশুদের এই বাড়তি চাপ সামাল দিতে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংযোজনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
রিপোর্টার্স২৪/ঝুম