ঝিনাইদহ প্রতিনিধি: মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাহিদ হাসান সবুজ, তিনি ঝিনাইদহ সদর উপজেলার আবু জাফর বিশ্বাসের ছেলে এবং কেসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক; দীপ্ত কুমার বিশ্বাস, মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে; এবং তমা, হামিদ মিয়ার মেয়ে।
তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জানা যায়, নাহিদ হাসান সবুজ স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হলেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক রয়েছে। তার আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা আবু জাফর বিশ্বাস আদালতের মাধ্যমে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছিলেন, যা সে সময় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাগুরা ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।
এদিকে, ছাত্রলীগের এক নেতার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত অপরাধ করলে তার দায়ভার সংগঠন নেবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন