গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে পুলিশের ধাওয়া খেয়ে ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সানোয়ার মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা হলেও গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মাদকবিরোধী অভিযানের সময় তাকে সন্দেহজনক মনে হলে থামতে বলা হয়। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, আটক সানোয়ারের কাছ থেকে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা এখনো গণনা করা হয়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি