ঝিনাইদহ প্রতিনিধি: সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমরাই গড়বো আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝিনাইদহ জেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেসি কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে অংশগ্রহণকারীরা তাদের প্রতিবাদ জানান। এসময় ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’ স্লোগানে-স্লোগানে মিছিলটি তীব্র প্রতিবাদ মুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর।
সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিজ্জামান সমিন ও সঞ্চালনা করেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান মিলু, সাংগঠনিক সম্পাদক সায়েদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন হাওলাদার নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি এনামুল কবির সহ জেলা, উপজেলা, পৌর সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, লুণ্ঠন ও নারী নির্যাতনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সংগঠনের সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনাও দেন তিনি।
সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/বাবি