আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার পরও যুদ্ধবিরোধী অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন পোপ লিও চতুর্দশ।
সোমবার আলজেরিয়াগামী পাপাল বিমানে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতের বিরুদ্ধে তিনি আগের মতোই সরব থাকবেন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলে যাবেন।
পোপ বলেন, আমি তার সঙ্গে বিতর্কে যেতে চাই না। কিন্তু আমি মনে করি, গসপেলের বার্তা যেভাবে কিছু মানুষ ব্যবহার করছে, তা অপব্যবহার।
পোপ লিও বলেন,আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলা অব্যাহত রাখব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বৃদ্ধি এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন,বিশ্বে আজ অসংখ্য মানুষ কষ্টে আছে। অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে। কারও না কারও দাঁড়িয়ে বলা দরকার,এর চেয়ে ভালো পথ রয়েছে।
পোপের মতে, খ্রিস্টধর্মের মূল বার্তা শান্তির পক্ষে। তিনি বলেন,ধন্য তারা, যারা শান্তি স্থাপন করে; এটাই গির্জার বার্তা। আমি নিজেকে কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখি না।
ট্রাম্পের সমালোচনা
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপের সমালোচনা করে তাকে “দুর্বল” এবং “পররাষ্ট্রনীতিতে খারাপ” বলে মন্তব্য করেন।ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত ও অভিবাসন নীতির সমালোচনার জবাব হিসেবেই ট্রাম্প এই মন্তব্য করেন।
আফ্রিকা সফর শুরু
উল্লেখ্য, শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় আন্তর্জাতিক সফর শুরু করেছেন। এই সফরে তিনি আলজেরিয়া, ক্যামেরুন, অ্যাঙ্গোলা ও ইকুয়েটোরিয়াল গিনিসহ চারটি আফ্রিকান দেশ সফর করবেন।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে পোপের এই শান্তির বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি