রিপোর্টার্স২৪ ডেস্ক: সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রতি বছরের মতো এবারও সরকারের এ সিদ্ধান্ত বহাল রয়েছে। এ সময়ে উপকূলীয় ও সমুদ্রগামী সব ধরনের ইঞ্জিনচালিত ট্রলার ও নৌযানে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
মৎস্য ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে ২০১৫ সাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। শুরুতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে তা ৫৮ দিনে নির্ধারণ করা হয়।
২০১৮ সাল পর্যন্ত এই বিধিনিষেধ মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে ২০১৯ সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিনচালিত ট্রলার ও নৌযানকে এর আওতায় আনা হয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার ফলে সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে এবং ইলিশ আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। উপকূলীয় জেলেরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র উপকূলীয় এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি