রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে শূন্য পদ পূরণ এবং নতুন নিয়োগের মাধ্যমে সরকারি সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সারা দেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা PayPal চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারপ্রধান আরও জানান, জাতীয় ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ১২৯ জনকে ভাতা দেওয়া হচ্ছে।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষা সহজ করতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে বলেও তিনি জানান। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ঋণ সুবিধা আরও সহজ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম