রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে ফুটপাত ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) প্রশাসক মো. আবদুস সালাম।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফুটপাত যেন অনুপযোগী ও বিশৃঙ্খল না হয়ে পড়ে, সেজন্য হকারদের তালিকা করে লাইসেন্সের আওতায় আনা হবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে, ফুটপাতের ব্যবসাও এর বাইরে নয়।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তার ভাষায়, “ফিফটি-ফিফটি অংশগ্রহণ ছাড়া শহরের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি জানান, কোথায় হকাররা বসতে পারবে সে বিষয়ে একটি স্পষ্ট গাইডলাইন তৈরি করা হচ্ছে। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজধানী পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যাতে রাস্তায় ময়লা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। তাহলেই ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।
তিনি আরও বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধে এখন থেকেই সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম