স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপের আগে বড় আইনি জটিলতায় পড়েছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তি অনুযায়ী না খেলায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করে। চুক্তির শর্ত অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসিকে অন্তত ৩০ মিনিট করে দুই ম্যাচেই খেলতে হতো।
তবে হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি একবারও মাঠে নামেননি। তিনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। অথচ পরদিনই ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন, যা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলে।
ভিআইডির দাবি, মেসির না খেলায় ম্যাচটির টিকিট বিক্রি কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে বাধ্য হয় তারা। এতে প্রতিষ্ঠানটির ১০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে, আইনি জটিলতার মাঝেও ইন্টার মিয়ামির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছেন মেসি। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি এবং তার নেতৃত্বে দলটি লিগস কাপসহ একাধিক শিরোপা জিতেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বকাপের আগে এই মামলা আর্জেন্টিনা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।