আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তবে যুদ্ধবিরতি ঠিক কোন দিন থেকে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, একই দিন থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ‘চমৎকার আলোচনা’ করেছেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষই শান্তি চায় এবং দ্রুতই একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি