গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঘাগটিয়া চালা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়নের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী মোশারফ হোসেন অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অগ্রণী ব্যাংকের সামনে থেকে কৌশলে তাকে অপহরণ করা হয়।
তিনি জানান, অপহরণের পর মোটরসাইকেলে করে তাকে বিভিন্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট দিয়ে ভিডিও ধারণ করা হয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মোশারফ হোসেন বাদী হয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে স্থানীয়দের সহায়তায় মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি ঘাগটিয়া ইউনিয়নের জাব গ্রামের বাসিন্দা। অপর অভিযুক্ত মো. রাকিবসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম জানান, আটক আব্দুল্লাহর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর স্থানীয় সভাপতি ইমতিয়াজ বকুল দাবি করেছেন, অভিযুক্তরা তাদের সংগঠনের সঙ্গে জড়িত নয় এবং তাদের কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
রিপোর্টার্স২৪/বাবি