স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘লম্বু আসাদুল’ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি প্রাথমিকভাবে আটক চারজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।