রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। পরিবহন খরচ বৃদ্ধি, মৌসুম শেষ হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজিতেই লেগেছে দামের উত্তাপ। পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায় কেজি, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা তুলনামূলক কম দামে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, কিছু সবজির দাম কিছুটা কম থাকলেও সেটিও স্বস্তিদায়ক নয়। মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মুকিদুর রহমান বলেন, আজ বাজারে এসে দেখি প্রায় সব সবজির দামই ১০০ টাকার ঘরে। কয়েকটা মাত্র ৬০–৮০ টাকার মধ্যে আছে। দুই সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই।
তিনি আরও অভিযোগ করেন, বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
অন্যদিকে, মালিবাগ ও রামপুরা এলাকার সবজি বিক্রেতারা জানান, মৌসুম শেষ হওয়ায় নতুন সবজি বাজারে কম আসছে, পাশাপাশি পাইকারি দামে বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।
তাদের মতে, নতুন সবজি বাজারে আসা পর্যন্ত এই দামি পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে রাজধানীর বাজারে সবজির অস্বাভাবিক দামে চরম ভোগান্তিতে সাধারণ ক্রেতারা।
রিপোর্টার্স২৪/ঝুম