আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল Airbus H130 মডেলের, যা একটি স্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, মেলাউইয়ের একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি পার্শ্ববর্তী সেকাডু জেলার অন্তর্গত দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে ঘেরা একটি এলাকা। দুর্গম পথ ও ঘন বনাঞ্চলের কারণে সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলের যথেষ্ট সময় লেগেছে।
হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে সকলের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর কোনো এক পর্যায়ে লেজের অংশটি বিচ্ছিন্ন হয়ে যায়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। এ ঘটনায় তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি