কুষ্টিয়া প্রতিনিধি: দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
শ্রমিকদের প্রধান দাবিগুলো হলো—পরিবহন মালিকরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, শ্রমিকদেরও একই সুবিধা প্রদান এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চলাচলের অনুমোদন দেওয়া।
এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও তাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।
রিপোর্টার্স২৪/এসএন