প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 17-04-2026 ইং
সংবাদ শিরোনামঃ ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার এসআই মো. জাকিউল ইসলামের নেতৃত্বে একটি দল আউলিয়াপুর ইউনিয়নের প্রভাত মাদারগঞ্জ এলাকার একটি কলাবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮) ও মহেশ চন্দ্র (৩৭)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেট ১০০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর বাজারমূল্য আনুমানিক ৪ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দ করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরে আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভূল্লী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।