ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর আবারও ভয়াবহ বোমা হামলা শুরু করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চূড়ান্ত হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, আমি সম্ভবত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। ইরানের বন্দরগুলোর ওপর আমাদের অবরোধ কঠোরভাবে বজায় থাকবে। যদি বুধবারের মধ্যে কোনো সম্মানজনক সমাধান না আসে, তবে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমাবর্ষণ শুরু করতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। এই মেয়াদের মধ্যে একটি টেকসই শান্তিচুক্তিতে পৌঁছাতে দুই দেশ বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় লিপ্ত রয়েছে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি সংলাপে বসলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিল। তবে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে, তারা একটি চুক্তির ব্যাপারে যথেষ্ট আশাবাদী। কিন্তু ট্রাম্পের আজকের এই কঠোর অবস্থান সেই আশার ওপর কালো মেঘের ছায়া ফেলেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘ডেডলাইন’ বা সময়সীমা নির্ধারণ মূলত ইরানের ওপর সর্বোচ্চ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল। তবে বুধবারের মধ্যে যদি কোনো নাটকীয় মোড় না আসে, তবে মধ্যপ্রাচ্য আবারও এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স
রিপোর্টার্স২৪/এম এইচ