সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (International Monetary Fund) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে,এমন সংবাদকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে নাকচ করেছে সরকার।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছে।
বিবৃতি অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন উপস্থিত ছিলেন। একইদিন বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন দলের সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকার জানায়, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে আইএমএফ ঋণের কিস্তি স্থগিত করা হয়েছে,গণমাধ্যমে প্রকাশিত এমন দাবি ভিত্তিহীন। বৈঠকগুলোতে এ ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকগুলো ‘ইতিবাচক ও প্রাণবন্ত’ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় নবনির্বাচিত সরকারের নীতিগত দিকনির্দেশনা এবং প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয়।
এ সময় রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বেশিরভাগ বিষয়ে মতৈক্য হলেও কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে উভয় পক্ষ মত দেয়।
সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলো সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পারস্পরিক সংলাপ অব্যাহত থাকবে এবং চলমান আলোচনা থেকে সমাধান বেরিয়ে আসবে বলে উভয় পক্ষই আশাবাদী।
রিপোর্টার্স২৪/এসসি