রাজবাড়ী প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নদীতে তীব্র স্রোত ও ঢেউ সৃষ্টি হয়। নৌ দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বিরূপ আবহাওয়ার কারণে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
রিপোর্টার্স২৪/বাবি