ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “বড় চুক্তি” চূড়ান্ত হলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
রোববার রুশ টেলিভিশন নেটওয়ার্ক আর টিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, আমরা একটি চুক্তির জন্য প্রস্তুত। তবে সেটি এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে যুক্তরাষ্ট্র ও বেলারুশ উভয় দেশের স্বার্থ প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, নিম্নপর্যায়ে আলোচনা শেষ করে যখন একটি পূর্ণাঙ্গ চুক্তি প্রস্তুত হবে, তখন আমরা ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে এবং চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত থাকব।
লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধে তিনি মস্কোর অবস্থানকে সমর্থন করেছেন, যদিও সরাসরি বেলারুশের সেনা পাঠাননি।
গত মার্চে ট্রাম্পের বিশেষ দূত জন কোয়েল ইঙ্গিত দেন, লুকাশেঙ্কো শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। এমন সফর বাস্তবায়িত হলে তা হবে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে থাকা এই নেতার জন্য বড় কূটনৈতিক অগ্রগতি।
পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, বেলারুশ ইতোমধ্যেই এসব নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তবে সম্ভাব্য কোনো চুক্তি কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
তিনি বলেন, আমাদের সমাধানের জন্য আরও অনেক বিষয় রয়েছে, আর সেটিই এই বড় চুক্তির মূল বিষয়বস্তু।
রিপোর্টার্স২৪/এসসি