বরগুনা প্রতিনিধি: দক্ষিণ উপকূলের জেলা বরগুনায় পাসপোর্ট অফিসকে ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। সেবাপ্রত্যাশীদের ভোগান্তিকে পুঁজি করে প্রকাশ্যেই চলছে টোকেন বাণিজ্য ও অর্থ আদায়। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, অফিস থেকে ফাইলে দেওয়া হচ্ছে চিহ্ন এবং চিহ্ন পাওয়ার পরপরই বাইরে অবস্থানরত দালালরা আবেদনকারীদের ঘিরে ধরে শুরু করছে দর হাঁকানো।
ভিডিওতে আরও দেখা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষদের কাছে দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে দালালরা। কেউ কেউ নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সোহেল জানান, অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। এই সুযোগেই দালালরা নিজেদের প্রভাব দেখিয়ে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেয়। ফলে বাধ্য হয়ে অনেকেই দালালের শরণাপন্ন হচ্ছেন।
সেবাপ্রত্যাশী আলামিন বলেন, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু কাজ এগোচ্ছে না। পরে দালাল এসে বলল টাকা দিলে আজই করে দেবে। বাধ্য হয়ে রাজি হতে হয়েছে।
নাগরিক সংরক্ষণ কমিটি সভাপতি মনির হোসেন কামাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু দুর্নীতিকেই উসকে দিচ্ছে না, বরং সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে সরকারি সেবার প্রতি। তারা দ্রুত এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন