ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বহুমুখী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কেন্দ্রীয় গুদাম থেকে বিদ্যুৎ লাইনের মূল্যবান সরঞ্জাম চুরির সময় মো.শাওন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাওন শহরের শাহাপাড়া এলাকার মৃত অহিদুলের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বিএমডিএ-এর কেন্দ্রীয় গুদাম থেকে এ্যালুমিনিয়ামের তৈরি ১১ কেভি বৈদ্যুতিক লাইনের 'মিড স্প্যান জয়েন্ট' চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল শাওন। এসময় সেখানে কর্মরত শ্রমিক তাকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধারকৃত মালামালের ওজন প্রায় ১৪.৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার ৫০০ টাকা।
পরে গুদামের দায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী মুহাম্মদ আহসানুল করিমকে জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী মুহাম্মদ আহসানুল করিম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনির হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিপোর্টার্স২৪/মিতু