কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় জাল টাকার নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তার থেকে জাল নোটসহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) গত কাল দুপুরে কুমিল্লা,চান্দিনা, পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২৫) নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তিনি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র।
চান্দিনা থানার (ওসি) আতিকুর রহমান বলেন, , সম্প্রতি চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল নোট ছড়িয়ে পড়ার অভিযোগ বাড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোটসহ জাল টাকা তৈরির ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, এককভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা কঠিন। জাল নোটের বিস্তার, ব্যবহৃত সরঞ্জাম বিশ্লেষণে সংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে। এ নেটওয়ার্কের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।