বরগুনা প্রতিনিধি: বরগুনায় পৃথক দুই জায়গায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বরগুনা সদরের বাদামতলা ও টাউনহল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য অনুসারে প্রথমে সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের বাদামতলা এলাকার মেসার্স দফাদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কুদ্দুসকে (৪০) ৫ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ।
এরপর বরগুনা পৌরশহরের টাউনহল তালতলা এলাকার মেসার্স সজিব এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। তিনি জানান, যাতে অসাধুরা অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/মিতু