ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া আগামী ১ মে থেকে ড্রুজবা পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে কাজাখস্তানের অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এ তথ্য জানান।
এই সিদ্ধান্তে বার্লিনের নিকটবর্তী শ্বেডটের পিসিকে (PCK) রিফাইনারি বড় ধরনের চাপে পড়তে পারে। জার্মান রাজধানীর জ্বালানির একটি বড় অংশ সরবরাহকারী এই রিফাইনারির মোট চাহিদার প্রায় ১৭ শতাংশ আসে কাজাখ তেল থেকে।রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সীমাবদ্ধতার’ কারণেই এই সরবরাহ বন্ধ করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ড্রুজবা পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে কাজাখ তেল সরবরাহ হয়েছিল প্রায় ২১ লাখ ৪৬ হাজার মেট্রিক টন (প্রতিদিন প্রায় ৪৩ হাজার ব্যারেল)। চলতি বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ হয়েছে প্রায় ৭ লাখ ৩০ হাজার টন।
জার্মান অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তে দেশটির জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো সংকট তৈরি হবে না। বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে গদানস্ক ও রোস্টক বন্দর হয়ে তেল সরবরাহের কথা বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ড্রুজবা পাইপলাইন নেটওয়ার্ক রাশিয়া থেকে শুরু হয়ে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে বিস্তৃত। ইউক্রেন যুদ্ধের পর জার্মানি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পদক্ষেপ নেয় এবং শ্বেডট রিফাইনারিতে রুশ কোম্পানি রোসনেফটের অংশীদারিত্ব কার্যত নিয়ন্ত্রণে নেয়।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে অস্থিরতার মধ্যে রাশিয়ার এই সিদ্ধান্ত ইউরোপের জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি করতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি