স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি শিবিরের রাজনৈতিক কৌশল, প্রকাশ্য-অপ্রকাশ্য সংগঠন কাঠামো এবং রাষ্ট্রীয় চাকরিতে প্রভাব নিয়ে একাধিক অভিযোগ ও বিশ্লেষণ তুলে ধরেন।
স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, শিবিরের একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রাখা হয়, যাতে সরকারি চাকরি ও ভেরিফিকেশন প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ের কারণে বাধার মুখে না পড়তে হয়। তিনি লেখেন, যেহেতু জামায়াত ক্ষমতায় আসতে পারেনি, তাই শিবিরের সবাই প্রকাশ্যে এলে সরকারি চাকরিতে সমস্যা হতে পারে—এই আশঙ্কা থেকে তারা একটি অংশকে আড়ালে রাখে।
তিনি আরও অভিযোগ করেন, সংগঠনের আরেকটি অংশকে বিভিন্ন ক্ষমতাসীন মহলে ‘অনুপ্রবেশ করিয়ে’ চাকরি ও সুবিধা নিশ্চিত করা হয়। এতে একটি অংশ সুবিধা পেলেও সাধারণ শিক্ষার্থীরা সন্দেহ ও বিভ্রান্তির মুখে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, এই ধরনের কৌশলের কারণে শিক্ষাঙ্গনে বড় ধরনের সংশয় তৈরি হচ্ছে—কে সাধারণ শিক্ষার্থী আর কে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।
রাজনৈতিক পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দেশে চলমান গণঅভ্যুত্থানের পর মেধার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত হওয়া উচিত। তবে রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য পরিস্থিতিকে জটিল করছে।
তিনি শিবিরের উদ্দেশে বলেন, প্রকাশ্য রাজনীতি চর্চা করতে হবে এবং রাজনৈতিক সহনশীলতা তৈরি করতে হবে।একইসঙ্গে তিনি অভিযোগ করেন, একদিকে রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের কথা বলা হলেও অন্যদিকে হুমকি-ধমকি ও বিষোদগার চলমান থাকলে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।
স্ট্যাটাসের শেষ অংশে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সহনশীলতা না এলে অতীতের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে। তার ভাষায়, নতুবা যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। আর লীগ ফিরলে তখন সব হাউকাউ বন্ধ করে দেবে।
রিপোর্টার্স২৪/বাবি