স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের গুরুত্ব অপরিসীম। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের গড়ে তোলার এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
জানা গেছে, আসন্ন মৌসুমে এইচপি বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাতীয় দলের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ কোচ। তার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভরসা করেই ভবিষ্যৎ ক্রিকেটারদের গড়ে তুলতে চাইছে বিসিবি। চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন, যেখানে সামগ্রিক পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত হবে।
এবারের এইচপি স্কোয়াডে থাকছে একটি বড় পরিবর্তন কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকছে না। ফলে পারফরম্যান্সের ভিত্তিতেই সুযোগ পাবেন ক্রিকেটাররা, যা প্রতিযোগিতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী মে মাসে শুরু হবে এইচপির ট্রেনিং ক্যাম্প। এরপর জুনে বাংলাদেশে সফরে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল, যারা এইচপি দলের বিপক্ষে ম্যাচ খেলবে। জুলাই মাসে বাংলাদেশ এইচপি দল পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে তারা তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে।
ব্যস্ত সূচি এখানেই শেষ নয়। ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচও খেলবে তারা। পাশাপাশি, ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, নতুন কোচ, নতুন কাঠামো ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি এই তিনের সমন্বয়ে বিসিবির এইচপি বিভাগ এবার পাচ্ছে এক ভিন্ন মাত্রা, যা ভবিষ্যতের জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম