রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদ-এ সব ধরনের মাছ শিকার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
রাঙামাটি জেলা প্রশাসনের এক বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন সময়ে হ্রদে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি জেলার স্থানীয় বরফকলগুলোও এই সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি সূত্রে জানা গেছে, হ্রদের পানি কমে যাওয়া এবং মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ের আগেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সাধারণত প্রতিবছর ১ মে থেকে এই নিষেধাজ্ঞা শুরু হলেও চলতি বছর ছয় দিন আগেই তা কার্যকর হচ্ছে।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, মা মাছের প্রজননের শেষ সময়ে যাতে কোনোভাবে শিকার না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই আগেভাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও জানান, এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নৌ-পুলিশের টহল জোরদার থাকবে, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করতে না পারে।
নিষেধাজ্ঞার প্রভাব পড়বে হ্রদনির্ভর হাজারো জেলে পরিবারের ওপর। তবে তাদের সহায়তায় সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও টেকসই মৎস্যসম্পদ গড়ে তুলতে এই ধরনের সাময়িক নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি হ্রদের জীববৈচিত্র্যও সংরক্ষিত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম