রিপোর্টার্স২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা বাড়তেই থাকছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের তালিকায় থাকা মেগাসিটি ঢাকার অবস্থানে কিছুটা উন্নতি দেখা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ৯৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত।
একই সময়ে ২৪৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের চেংডু শহরের স্কোর ১৬৪, যা নাগরিকদের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার পর আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া যায়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, ২০১-এর বেশি স্কোর হলে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত। আর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
বায়ুর মান নির্ধারণে সাধারণত পাঁচ ধরনের দূষক বিবেচনা করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
রিপোর্টার্স২৪/ঝুম