রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
অন্যদিকে, একই দিনে নিখোঁজ হওয়া নাহিদা এস বৃষ্টির খোঁজে এখনো অনুসন্ধান চলছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। ওইদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।
পরদিন ১৭ এপ্রিল তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
এ ঘটনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিদার সন্ধানে তদন্ত চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম