বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের কোলজুড়ে এসেছে কন্যা সন্তান রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকেই ধারণা করেছিলেন, বড় হয়ে মা-বাবার মতোই রাহাও রূপালি পর্দায় পা রাখবে। তবে এ বিষয়ে ভিন্ন ভাবনা পোষণ করছেন মা আলিয়া ভাট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি চান না তার মেয়ে গ্ল্যামার জগতে আসুক। বরং তিনি রাহাকে একজন ক্রীড়াবিদ বা অ্যাথলিট হিসেবে দেখতে আগ্রহী।
মাত্র তিন বছর বয়সী রাহার মধ্যেই এখন থেকেই অ্যাথলিট হওয়ার অনেক গুণাবলি দেখতে পাচ্ছেন আলিয়া। তিনি বলেন, “আমি মনে মনে চাই ও বড় হয়ে অ্যাথলিট হোক। ও খুব চঞ্চল, পরিশ্রমী এবং সারাক্ষণ দৌড়ঝাঁপ ও লাফালাফি করতে ভালোবাসে। এত ছোট বয়সেই ওর মধ্যে যে এনার্জি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।”
সাক্ষাৎকারে আলিয়া নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তার মা সোনি রাজদানকে উল্লেখ করেন। তিনি বলেন, সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় ক্যারিয়ার ধরে রাখার মধ্য দিয়ে তার মা সবসময় তাকে অনুপ্রাণিত করে এসেছেন।
আলিয়ার ভাষায়, “আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি থিয়েটার হোক বা টেলিভিশন—সব ক্ষেত্রেই নিজের সত্ত্বাকে ধরে রেখেছেন।”
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। খুব শিগগিরই তাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আলোচিত ছবি ‘আলফা’তে অ্যাকশন অবতারে।
এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন এই বলিউড তারকা।
রিপোর্টার্স২৪/ঝুম