রিপোর্টার্স২৪ ডেস্ক: মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি প্রত্যাশিত ও আধুনিক বাংলাদেশ গঠনের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে, দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে একটি ধারাবাহিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধারাকে এগিয়ে নিতে হবে এবং প্রশাসনকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন আবারও স্পষ্ট করেছে যে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তার ভাষায়, দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে, আর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও জনসেবামুখী হতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম