নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মতো এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬। এ বছর কবিতা ও গান রচনায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মাননা লাভ করেন কবি সেহাঙ্গল বিপ্লব।
পেশাগত জীবনে সেহাঙ্গল বিপ্লব বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর সিনিয়র অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত কবি, যার একাধিক কাব্যগ্রন্থ পাঠকমহলে সমাদৃত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আগুন ফুলের ঘ্রাণ, নীল দরজার খিল এবং রাজার কফিন ও অন্যান্য।
কবিতার পাশাপাশি গান রচনায়ও তিনি সমানভাবে সক্রিয়। তার লেখা গান চলচ্চিত্র ও নাটকে ব্যবহৃত হয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে বক্তারা শেরে বাংলার আদর্শ ও অবদান স্মরণ করে তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেহাঙ্গল বিপ্লবের সৃজনশীল অবদানের প্রশংসা করে ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করা হয়।
রিপোর্টার্স২৪/সাইফ