রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য পুরুষ হাতির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ভাসান্যাদম এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বন বিভাগ জানায়, সকালে নিয়মিত পর্যবেক্ষণে গিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে বন কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
তবে মরদেহ উদ্ধারে জটিলতা তৈরি হয়েছে। মৃত হাতিটির পাশে একটি সঙ্গী হাতি অবস্থান করায় বন বিভাগের সদস্যরা কাছে যেতে পারছেন না। ওই হাতিটি লোকজন দেখলে আক্রমণাত্মক আচরণ করছে বলে জানা গেছে।
কাছালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে হাতিটির মৃত্যু হয়েছে। এটি ওই এলাকার সবচেয়ে বয়স্ক ও বড় পুরুষ হাতি ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটির শরীরে আগে থেকেই বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল এবং তা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। চট্টগ্রামের ভেটেরিনারি চিকিৎসক ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞরা কয়েক দফায় চিকিৎসা দিয়েছেন। সর্বশেষ চলতি মাসের ১০ এপ্রিলও হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, বয়সজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণেই হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সঙ্গী হাতিটি সরে গেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু