জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই গ্রামের রাজীব মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় খোলা রান্নাঘরে রান্নার কাজ করছিলেন মর্জিনা। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, একই এলাকার হারুনের স্ত্রী শেফালী বৃষ্টির সময় রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রিপোর্টার্স২৪/এসএন