ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। বিষয়টি নিয়ে জানাশোনা আছে—এমন ইসরায়েলি একটি সূত্র রোববার সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে। পরে সে বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছে ইসরায়েলি সূত্র। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছিল ইসরায়েল–আরব আমিরাত। তবে দুই দেশের মধ্যে এমন সামরিক সহযোগিতা নজিরবিহীন।
ইসরায়েলি সূত্র জানিয়েছে, যুদ্ধ চলাকালে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেষ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপ হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপরই আমিরাতে আয়রন ডোম পাঠাতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু।
ইসরায়েলের তৈরি আয়রন ডোম ভ্রাম্যমাণ ও স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল এর আগে বিদেশে এই ব্যবস্থা বিক্রি করেছে। তবে অন্য কোনো দেশে এটি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম। সূত্র: সিএনএন
রিপোর্টার্স২৪/ধ্রুব