জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দাগী গ্রামের মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতেহ আক্তার (৩৭)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। গভীর রাতে শুরু হয় দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়। একপর্যায়ে ঘরের পাশের একটি মেহগনি গাছ উপড়ে ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মা-মেয়ে তিনজন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাতের অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে সোমবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন