গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় 'জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি' মাদ্রাসার পুকুরে ডুবে মো: আব্দুল্লাহ্ আল সাজীম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত মসজিদে ফজরের নামাজ আদায় শেষে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসান সাহেব প্রতিষ্ঠিত ও পরিচালিত ওই মাদরাসার চতুর্থ শ্রেণি ও কিতাবখানার ছাত্র আব্দুল্লাহ্ আল সাজীম।
সাজীম অন্যান্য সহপাঠীদের সাথে ফজরের নামাজ পড়ে। এক পর্যায়ে সে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ক্লাসে অনুপস্থিত থাকায় শিক্ষকরা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। ওই সময় তার মাথায় পাগড়ি পরা, হাতে ছাতা এবং পাশেই তার জুতা পড়ে ছিলো।
সে নরসিংদী সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের পুত্র। তার নানা মো: নুরুল ইসলামের বাড়ি মনোহরদীর চন্দন বাড়ি এলাকায়। এ বিষয়ে স্বজনরা জানান, মৃত আব্দুল্লাহ আল সাজিম সাঁতার জানতো না।
এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশ জানায়, মাদ্রাসার পুকুরে পড়ে শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল সাজিমের মৃত্যুর খবর পেয়ে মনোহরদী তার নানার বাড়িতে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন। স্বজনদের ইচ্ছা এবং দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু