রিপোর্টার্স ২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সেই দাম কমানোর পাঁচ দিন পর ফের সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস।
আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হবে। অন্যান্য মানের সোনার নতুন দাম নিচে দেওয়া হলো:
সোনার মান ভরিপ্রতি হ্রাস (টাকা) নতুন নির্ধারিত দাম (টাকা)
২২ ক্যারেট ২,২১৬ ২,৪৪,৭১১
২১ ক্যারেট ২,০৯৯ ২,৩৩,৫৭২
১৮ ক্যারেট ১,৮০৭ ২,০০,২১৩
সনাতন পদ্ধতি ১,৪৫৮ ১,৬৩,০৬৩
উল্লেখ্য, গত ১৫ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। সেই সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা স্বস্তি এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।
রিপোর্টার্স ২৪/ঝুম