ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন নৌ অবরোধ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌ-যান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। খবর বিবিসির।
১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ বিলাসবহুল নৌ-যান নর্ড নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত, এটি দুবাই থেকে ওমানের মাসকাটে যাত্রা করেছিল।
সাম্প্রতিক কয়েক মাসে ওই প্রণালি দিয়ে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি জাহাজের মধ্যে এটি একটি।
পুতিনের ঘনিষ্ঠ মিত্র মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই বিলাসবহুল নৌ-যানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে নর্ড-এর নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।
মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আনুমানিক ৫০ কোটি ডলারের বেশি মূল্যের নর্ড শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট, আল মুজ-এ পৌঁছায়।
হরমুজ প্রাণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কমে গেছে। সাধারণত বৈশ্বিক অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থা চলার মধ্যেই চলতি সপ্তাহে ইরান রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব